Dec 30, 2023

শ্বেতা ব্যানার্জী

ক্রান্তিকাল

"তিনটি শালিখ ঝগড়া করে রান্নাঘরের চালে"

প্রথমেই যদি শালিখদের শাসন করা যেত,ঝগড়াটা

বাড়তে না দিয়ে, তাহলে বোধহয় সংসার সমাজে,রাজ্যে,রাষ্ট্রে ব্যপক হারে এই

ঝগড়া -ঝামেলা, অশান্তি লেগেই থাকতো না।

আসলে আমরা কোনো কিছুরই  কারণ খুঁজতে গভীর মূলে প্রবেশ না করে ডালপালা ধরে ঝুলোঝুলি করে কিছু ডাল ভেঙে গাছেরই ক্ষতি করি, প্রকারন্তরে নিজেদেরই। আর চুপচাপ বলি লেগে যা লেগে যা নারদ,নারদ। লাগলেই লাভ .... 

অস্ত্র, বিমান,নৌ বিক্রির হার বাড়িয়ে কিছু মনুফা লুটে নিজেদের ভুঁড়ি আরও একটু বাড়িয়ে নেওয়া। তাছাড়া গদি বাঁচানো অথবা গদি বাগিয়ে নেওয়া। 

হয়তো ভাবছেন আদারব্যাপারি হয়ে জাহাজের খোঁজের কী দরকার , কিন্তু সাগরে সুনামীর ঢেউ আসলে জাহাজের সঙ্গে খালের ডিঙিও যে আঁতকে উঠে... 

দুলতে থাকে অজানা আশংকায়।

দিনদিন জীবন টা যেন যুদ্ধ, যুদ্ধ হয়ে উঠছে। খাদ্যাভাসের যুদ্ধ, সংসারে মেনে না-ও মানিয়ে না-ও এর যুদ্ধ, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, কড়ার তেল থেকে গাড়ির তেল, কোথায় যাবো!!  তার সাথে এসো যুদ্ধ যুদ্ধ খেলি  জুজুর ভয়ে অস্থির। তারই মধ্যে  স্থবির ও আত্মকেন্দ্রিক জীবন। 

এখন আমরা এক অস্থির  সময়ের মধ্যে দিয়ে সাঁতরে চলেছি... ডাঙায় উঠতে গেলে যে সুস্থির মানসিকতার প্রয়োজন হয় সমাজের মানুষের মধ্যে সেই সুস্থিররতা প্রায় নেই বললেই চলে। 

নীতি-নৈতিকতার ভূমিকা পালন করতে যে মানবিকতার প্রয়োজন আজ তার সামগ্রিক অধঃপতন। বর্তমান সময়ের একটি আলোচিত ঘটনার ভয়াবহতায় সবাই নির্বাক। সবার মনে   একই প্রশ্ন- আমাদের মানবিক মূল্যবোধগুলো কোথায় হারিয়ে গেল? 

হ্যাঁ, এই প্রশ্ন অনেকের মনে থাকলেও, প্রশ্নকর্তা কেউ নেই, বিবেক জাগ্রত না আহত! নৈতিক অবক্ষয় নিশ্চিত জেনেও উত্তরণের পথ খুঁজিনা।

চোখে রঙিন চশমা পরিয়ে আমাদের সো কলড্ অভিভাবকরা দূরদর্শনে দূরদর্শিতার রণকৌশল 

আলোচনায়  ওই "তিনটি শালিখের মতো "

....যেখানে  অসিহষ্ণু মানসিকতার হেঁসেল থেকে 

চাপান উতোরের উগ্র ফোড়নের পোড়াগন্ধ ছাড়া

কিছুই নাক ও  মনের দরজায় এসে পৌঁছায় না, গণতন্ত্রের ফানুস সেখানে গৎবাঁধা কিছু কথার

মোহজালের বুদবুদ হয়ে উড়তে থাকে। আর বুদ্ধিজীবিরা   ফুঃ এর উপর ফুঃ....

কিন্তু সঠিক কারণ না আমাদের বোঝাতে পারেন,

না নিজেরা বোঝেন।

আজ প্রযুক্তি কে হাতের মুঠোয় নিয়ে রঙিন স্বপ্ন উড়িয়ে বিস্ময়কর গতিতে এগিয়ে চলেছি,কিন্তু মানবিকতা!!

আমাদের জীবনে বেড়েছে বেগ,হারিয়েছি আবেগ।

ভোগবিলাসের ফুয়েল  ভরে নিয়ে জেট গতিতে জীবন কে ভোগ করতে গিয়ে মানবিকতার বিশুদ্ধতা হারিয়ে আজ "সেলফিশ জায়েন্ট "

শিক্ষিত, অতি শিক্ষিত, সমাজ দমন করতে পারেনি অপরাধ প্রবণতার ধারাবাহিকতকে, যা দিন দিন বেড়েই চলছে... 

আসলে এর পিছনেও আছে মনস্তাত্ত্বিক চিন্তাধারা

যা আসলে একটি রোগ, দার্শনিক দৃষ্টিকোণ থেকে  

কোনো জ্ঞানী কখনো কোনো অনৈতিক কাজের সাথে নিজেকে যুক্ত  করতে পারেন না। 

জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। জ্ঞান মানুষের মূল্যবোধকে সতেজ করে তোলে। আসুন পুঁথিগত বিদ্যা নয় প্রকৃত শিক্ষার আলো জ্বেলে ক্রান্তিকাল অতিক্রম করি...।