নেপথ্যে বাবা
দিনের শেষে ক্লান্তির ছাপ মুছে দেয়
এখনও তোমার স্নেহের স্পর্শ।
আকাশের সবটুকু নীল শুষে নিয়ে
যেদিন তুমি চলে গেলে
সেদিন থেকে আজ অব্দি
আকাশ টা পোড়া তামাটে হয়েই আছে।
সাতরঙা শৈশব পড়ে আছে এককোনে
স্মৃতির ভাড়ারে।
কার্তিক মাসে পুটুলির মত
তোমার পাশে বসে
ভোরের কীর্তন,
আর বাইশে শ্রাবণে
মনটা যেনো পাড়ি দিত
তোমার অসীমে।
বালিশের পাশে
সাজানো থাক থাক বই,
তুমি আর আমি,
শুয়ে শুয়ে ঠিক তোমার
স্টাইলে বই পড়া....।
মায়ের মৃদু অনুযোগ,
সন্ধ্যায় বেড়াতে যাওয়া তোমার হাত ধরে।
নিশ্চিন্তের সেই দিনগুলি
সময়ের করাল গ্রাসে হারিয়ে গেলো ।
আজ প্রতিটি দিনের সাথে
নূতন করে পরিচিত হই
যেনো এক অচেনা রাজ্যে
ভিনদেশী।