Sep 28, 2022

সুচরিতা পাটারী

ভাতগাছ

প্রত্যহ ভোর হয়- চোখ মেলতেই দেখি 
জানলা বেয়ে আসা বিচ্ছুরণ মাথার উপর প্রখর উষ্ণতার জানান দেয়।
এযাবৎ বৃদ্ধাঙ্গুলি তর্জনী একত্রিত করেও,
তাঁকে একটা আশানুরূপ ভোর উপহার দিতে পারিনি।
মনের কোণে তাঁর নামে কত মেঘ পুষেছি,
চোখের কর্ণিয়ায় তরল আয়না গড়ে তুলেছি কতবার ,
রক্তের তাপীয়ফল প্রকাশ করেছি °C, ফারেনহাইট অথবা ক্যালভিনে।
অথচ কোনো হালখাতা কিংবা ক্যালকুলেটর খুলে সেই হিসাব করেন নি তিনি।।
ঘাম মুছতে মুছতে সমস্ত কিছু আখ্যায়িত করেছেন- ছেলেমানুষী আর পাগলামী'র শিরোনামে।।
চিরকাল এই ছায়াবটে মাথা গুঁজে থাকার লোভ আমার অপ্রতুল,
বাবা! তুমি স্বর্গ, তুমি তপস্যা।
তুমিই আমার সালোকসংশ্লেষীয় ভাতগাছের মূল।