জীবনের ধারাপাত
ব্যস্ততার অজুহাতে কেটে গেছে
জীবনের সুরম্য দিনগুলো ....
প্রিয়জনের আবেগমথিত অপেক্ষা
সহস্র বাহানায় এড়িয়ে গেছি।
মায়াভরা অনুযোগেরা ভেসে বেড়াত
"খবর নেই যে!!"
শাণিত জিহ্বা উদ্ধত জবাব
শোনাতে সদাপ্রস্তুত।
"সময় নেই" শব্দে কত অলীক সুখ!!
জীবনের কত মধুর সংযোগ
হেলায় সরিয়ে দিয়ে এগিয়ে গেছি
অনিত্য প্রাপ্তির সন্ধানে।
ফিরে দেখা আতসকাঁচে ধরা পড়ে
গরমিল ছিল জীবনের ধারাপাতে;
কতকাল খোঁজ করা হয় নি
বাল্যবন্ধু, কৈশোরের প্রেম,
যৌবনের সঙ্গী-সাথী।
বার্ধক্যের বারাণসী যাপনে অহরহ
ওদের জন্য প্রাণ আনচান
হৃদয় কাতর।
এখন আমার অখণ্ড অবসর,
সময় গুলো জট পাকিয়ে স্থবির ।
ঘড়ির কাঁটা হাঁটুর মত
এগোতে চায় না ব্যথার ভয়ে।।