Sep 29, 2022

কুশল ভৌমিক

 মানুষের গন্ধ 

প্রতিদিন বাদ-মাগরিব মোস্তফার দোকানে বসি
কড়া লিকারের জঘন্য চা'য়ে চুমুক দিই 
আর চারপাশের মানুষ দেখি।
মানুষ দেখার এই ভয়ঙ্কর নেশাটা আমি বাবার থেকে পেয়েছি,
বাবা প্রায়ই বলতেন -
'সুযোগ পেলেই মানুষ দেখবি, যীশু এবং পশুর এমন অদ্ভুত মিশ্রণ তুই আর কোথাও পাবি না।'

আমি ফার্মগেটের ওভারব্রিজে  দাঁড়িয়ে মানুষ দেখি
গুলিস্তান জিরো পয়েন্টে দাঁড়িয়ে মানুষ দেখি 
পাবলিক লাইব্রেরির তিন তলার বারান্দায় দাঁড়িয়ে মানুষ দেখি 
মানুষ দেখি পত্রিকার পাতায়,টিভি পর্দায়, সোস্যাল মিডিয়ায় 

হাত-পা নাড়িয়ে অদ্ভুত ভাবে কথা বলা মানুষ
শক্তিশালী পোশাক পরা ক্ষমতাবান মানুষ 
আর দেখি-
করতলে শূন্যতা আর চেহারায় ক্ষুধার মতো সার্বজনীন ভাষা নিয়ে দাঁড়িয়ে থাকা শতশত বৃক্ষ-মানুষ!

মানুষ দেখতে দেখতে আমার পৌরাণিক রাক্ষসদের মনে পড়ে--
হাউ মাউ খাউ মানুষের গন্ধ পাও...

বাবা, এই দেশে এখন আর রাক্ষস আসে না
এই দেশে মানুষের গন্ধ নেই।