পাথুরে শিল্পী
বাবার জন্য কষ্ট লাগে গাছের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে বলে!
ছেলের জন্য প্রথমে নদী খনন করল,
তারপর একটা পাহাড় রেখে দিল।
নদী আর পাহাড়ের কাছে মা রোজ কান্না করেন,
জানতে চাইলে নদীর উপর মেঘের অবস্থানহীনতা আর পাহাড়ে অরন্যহীনতাকে কান্নার কারণ বলেন।
অনেকদিন ধরে মাকে মানচিত্র এঁকে বুঝালাম পাহাড় আর নদীর মধ্যেকার দূরত্ব,
মা বুঝে গেছেন ছেলে অরন্য শিকারী হয়ে গেছে
বাবা নিজেই একজন পাথুরে শিল্পী,
পাথরের গায়ে কবিতা লিখতে লিখতে ভুলে গেছে তার ছেলে শিকার শিখে গেছে!
একদিন কুঠার নিয়ে পাহাড়ের গভীরে প্রবেশ করে দেখি নদীর শেষ প্রান্তে বাবার অশ্রুসিক্ত চোখদুটো লেগে আছে,
সেদিন থেকে বুঝে গেছি পৃথিবীর বাবারা এক একজন কবি আর কবিপুত্রদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় বাবাদের নিজস্ব নদী। ।