Sep 29, 2022

তৈমুর খান

বাবা বাড়ি ফিরবে

দৃশ্য বদলে যাচ্ছে 
আমরা সংকটের ঘরগেরস্থালি সাজাচ্ছি 
শূন্যতার আয়নায় মুখ দেখছি 
আমাদের উঠোন ঘিরে স্মৃতির গোলাপি হাত 
                                ভেসে উঠছে বারবার 

ঘরের চৌকাঠে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে মা 
মায়াপ্রদীপ এখনও নেভেনি 
বাবা বাড়ি ফিরবে, ফিরবেই 
আবহমান সমস্ত বাবা-ই বাড়ি ফিরবে একদিন 

সামঞ্জস্যবিহীন দরজায় 
আমাদের চৈতন্যের হাওয়া বয়ে যাচ্ছে 
আশাগাছে ফুল আসতে শুরু করেছে 
আর দৃশ্যের ভেতর লাল ঠোঁটওয়ালা পাখি
                            ডেকে উঠছে বারবার….