আগুনডানার ঘোড়াটি
আগুন রঙা ঘোড়াটা আসছে সেই হিমাচল থেকে...
সেই ছোট্ট যখন চোখে তার ভোকাট্টা ঘুড়ির স্বপ্ন,
পায়ে পায়ে কিছু কাশফুল,ঘাসবন,বুনো ফুলের গন্ধ মেখে নিল,যেন আতরের সৌরভ,
সামনের দুটো পা যেন তার পাখা...
আগামীর পথে তার সীমাহীন দিগন্তে লুটোপুটি খায় নীলাকাশ ,
গায়ে জড়ায় সে পশমি মেঘ, ইলশেগুঁড়ি বৃষ্টি,
মধ্যাহ্নের বুকে পদচিহ্ন এঁকে দিতে সে বদ্ধপরিকর
চোখ দুটোতে বাজপাখির খিদে।
বেলা পড়ে আসে গোধূলির কমলারঙা রাক্ষস তখন গোগ্রাসে গিলছে সময়,
ঘোড়াটির ঝড়ো শ্বাস পড়ে বুকে...থামতে চায়...
মুখ গুঁজতে চেয়ে পায়না নিবিড় বুক,
শুধু ধু ধু মরুভূমির শূন্যতা নিয়ে আগুন ডানার ঘোড়া
শেষ ঝাপ দেয়...
অনিশ্চয়তার প্রশান্ত মহাসাগরের তুফানী বুকটায়।।