ভাসছে মানবতা
নিভে যাওয়ার আগে দপ্ করে জ্বলে ওঠে নিরবতা....
ভেবোনা ঘুমিয়ে পড়েছি,আসলে বালিশে রেখেছি মাথা -
তবুও কমেনি বিপর্যয় মাখা মানসিক চঞ্চলতা ---
যুদ্ধেতে নামিনি, তোমারা নামিয়েছ...
এনেছ প্রলয় ডেকে----
হার্মাদের মতন ঢুকছে জলোচ্ছ্বাস আবরণ যাচ্ছে ভেসে...
তবু, ঘুমোচ্ছে প্রহরী কড়া ডোজ নিয়ে দরজায় খিল এঁটে।
ধমকিয়ে বলো আস্ত উজবুক হাত দু'খানা রাখো তো ঠিক।
জোড়হাত করতে দুটো হাতই লাগে, বোঝ না ঠিক- বেঠিক!
আমি ভাবি মনে ডোবা পারাপারে একটি হাত-ই সঠিক---
আবরণহীন এ-ই ভেসে থাকাতে ঘুমতে চাইছে মন,
তিল তিল করে বুকের জমিতে জমছে শ্যাওলার
আস্তরণ--
জানতে পারিনি,জানতে পারিনা, কেন ভাসছি অকারণ..
পাথুরে এই অবরোধ ঠেলে ফোটাবো সমুদ্র ঢেউ....
সমুদ্র নাভীমূলে ফুটছে বুদবুদ তোমরা দেখতে পাচ্ছো কেউ!
আর দেরি নয় সন্ন্যাস ছাড়ো, পিছনে পড়ো যেমনটা থাকে ফেউ।
পিছিয়ে যেওনা, এগিয়ে চলো.. মাঝরাত ছুঁয়ে দিনকে নামাও নিমিষেই..
স্বপ্নগুলোকে কাঁদতে না দিয়ে ওদেরকেও রাখো জাগিয়েই-
যেমন , ডুবে যেতে যেতে বিদ্যুৎলতা বিচ্ছুরণ ঘটায় আকাশেই..
চিরকাল ধরে খেলা খেলে গেলাম শুধু এ-ই ছায়াশরীর নিয়ে...
ভেবেছিলাম উপড়ে ফেলবো খুঁটি গরম বালিতে পা দিয়ে
আজ, বিধাতারে জানাই ক্ষোভ, আক্রোশ, মুক্তির স্বাদ চেয়ে...
না, না, আর না, আর না, এই যন্ত্রণা ফোস্কা পরছে শরীরে
ডুবতে ডুবতে তলিয়ে যাচ্ছি... মানবতা বলে কী করি রে?