সাম্য
চেয়েছি একটু যত্ন
তুমি দিলে সুগন্ধি আতর
চাই নি প্রাসাদসম নিলয়
চেয়েছি শুধু অনন্ত সাম্য।
তবুও
দিকে দিকে আবিরের ছয়লাপ
জানান দেয় বসন্ত যে এসে গেছে
কপোত কপোতী বাঁধে ঘর
উষ্ণতায় রাখে আদিম সুখ।
মাতোয়ারা আম্রমুকুলের ঘ্রাণ
অশোক পলাশ শিমুল রং
তখনও তলদেশে হেঁটে যায় কঙ্কালসার পথশিশু---
বসন্ত নয় চৈত্রের দাবদাহ
অসাম্যের গান গায়।