Apr 2, 2024

দীপক রঞ্জন কর

বাঁশের সাঁকো

দুই গাঁয়ের যোগ সাধনে
নিয়ত তুমি থাকো
দুই টিলার মাঝে ছড়ায়
বাঁশের তৈরি সাঁকো ।

গ্রীষ্ম বর্ষায় শরৎ শীতে 
সদা দাঁড়িয়ে থাকো
দুই গাঁয়ের লোকের মাঝে
মিলন বজায় রাখো।

বর্ষাকালের জলে ভরাট 
ছড়ার দুটি পাড়
গাঁয়ের লোকের চলাচলে 
বাহারি দৃশ্য তার ।

বাঁশের খুঁটি বাঁশেই চটি
বাঁশ বিছানো খাসা
বৃদ্ধ শিশু গবাদি পশুর 
নিত্য যাওয়া আসা ।

আজ আর যায়না দেখা
বাঁশের তৈরি সাঁকো 
লোক পারাপারে নিত্য তুমি 
স্মৃতিতে বেঁচে থাকো‌ ।