সীমারেখা (অনুগল্প)
আমার সীমারেখা আমি জানি। ঐ যে দূরে দিগন্ত রেখায় সূর্যাস্তের রক্তিম বর্ণালীর চ্ছটায় হলুদ সর্ষে জমি , তারো ওপারে কুলুকুলু শব্দে বয়ে যাওয়া শান্ত নদী , আবার ওখানে গেলে দিকচক্রবাল রেখাও সরে যায় তোমার শহরের উপকন্ঠে, হয়তো ওটাই আমার সীমারেখা--- জানি ওখানে টিলার উপর থেকে দেখা যায় ধপধপে সাদা মার্বেল পাথরে মোড়া তোমাদের বিলাসবহুল প্রাসাদ। আমার সীমারেখা অতদূর অবধি পৌছাতে হয়তো কয়েকটা জন্মের প্রতীক্ষা। কাঁটাতারের বেড়া যেমন সীমারেখার নির্ণায়ক ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে, তেমনই ভালোবাসা কখনও বদলায় না , তার রূপান্তর ঘটে ; স্থান কাল পাত্র ভেদে তার রূপ বদলায়। ভালোবাসা আমার কাছে জলের মতো স্বচ্ছ প্রবহমান। তার আকার রঙ গন্ধ সব কিছুই তৈরী করে নিতে হয় । সীমিত সময়ের সীমারেখায় ভালোবাসা নতুন এক সীমারেখার সমীকরণ তৈরী করে , নতুন এক প্লাবন আনে। আমার ভালোবাসার মানচিত্রে আমার সীমারেখাতে আমি লাল দাগ টেনেছি তোমাকে হারাতে চাইনা বলে ।