Aug 15, 2022

সুমিতা বর্ধন

অন্য স্বাধীনতা

স্বাধীনতা ঠিক কাকে বলে ?
স্বাধীনতার সংজ্ঞা কি?
স্বাধীনতা কোথায় মেলে?
নিজের মনেই প্রশ্ন করে মেয়েটি।।
যে ছেলেটি বটতলা বাজারের গোলচক্করে
প্রতিদিনের মতো দাঁড়িয়ে থাকে 
একটা কাজের আশায়,
বুট পালিশ করা ছেলেটা রোজ 
অপেক্ষা করে বাবুদের জন্য ,
কাজের মেয়েটা দেরি হয়ে যায়
তাই উর্ধ্বশাসে দৌড়ায় কাজের বাড়িতে,
রাস্তায় সব্জি ওয়ালা হেঁকে যায়
আর, বাজারে ভিড় ব্যস্ততার মাঝে
কেউ কেউ নাওয়া খাওয়া ভুলে যায়।
অফিসের বড় বাবু ফাইল হাতে দৌড়ায়
এঘর থেকে ওঘর ,
আর ক্যালেন্ডারের পাতায় 
চোখে থাকে মাইনে পেলে যে
বাঁচবে সংসার।
শ্রমিক ,মজুর, মেহনতি মানুষ
কাজ ,খাদ্যের  জন্য
ভুলে যায় স্বাধীনতার সংজ্ঞা।
যে মেয়েটিকে জন্ম হতেই বুঝিয়ে দেওয়া হয়
একটা ঘেরা টোপের মধ্যেই তাঁর স্বাধীনতা,
যে মেয়েটি বাপের ঘর ছেড়ে 
শ্বশুর ঘরে যায় তারপর ছেলের সংসারে,
মেয়েটি বোঝে না আসলে স্বাধীনতার সংজ্ঞা কি, 
 উচ্চশিক্ষিত ছেলেটি প্রাইভেট কোম্পানির -
কোটি কোটি টাকা মুনাফার জন্য বিসর্জন দেয় তার স্বাধীনতাকে,
ফুটপাতের ছেলেটি যখন পতাকা নিয়ে 
বার বার মাথা ঠেকায়
আর উপহার পাওয়া কমলা লেবু আর চকলেটকে ভাবে 
স্বাধীনতা দিবসের প্রসাদ,
তাঁর কাছে স্বাধীনতা দিবসের
কোন সংজ্ঞা নেই এর বেশী,
মেয়েটি অবাক হয় আবারো
বুঝে উঠতে পারে না কিছুই
আসলে মেয়েটি আর এখন মেয়ে নেই
অনেক বছর পেরিয়ে আজ সে
অশীতিপর বৃদ্ধা
অবাক চোখে তাকিয়ে থাকে
বুঝে উঠতে পারে না  কিছুই,
বির বির করে বলে যায় এই স্বাধীনতা কি অন্য স্বাধীনতা?