আর একটা স্বাধীনতা
ভুখা মানুষের মিছিল,
সঙ্গে একটা স্বাধীনতা,
কথা বলে চলে বেকারত্বের, মানব যন্ত্রনার।
প্রতিভাবান মানুষের ছেঁড়া চটি গল্প বলে,
আর একটা স্বাধীনতার।
ত্রিবর্ণ পতাকার সামনে পরে থাকে বাসিরুটির টুকরো।
পথের পাশে নাম পরিচয় হীন শিল্পীর মৃতদেহ।
মৃতদেহের পাশে তার শেষ কাজ,
একটা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা।
শহরের মধ্যে বড় বড় বিপ্লবীর পাথরের মূর্তি,
নীচে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস
সঙ্গে গরম চা আর গরম ভাষণ
অদূরে নীরবে হেঁটে চলেছে মেধা,
একটা কবিতার বই বের করতে চেয়েছিল সে,
পুরস্কার, প্রকাশকের গলাধাক্কা।
ব্যর্থ মেধার সামনে স্বাধীনতা দিবসের উদযাপন।
সঙ্গে বিপ্লবীদের লড়াই এর খোসগপ্প।
আর একটা স্বাধীনতা বহন করে চলেছে মেধার বহ্নুৎসব।
সঙ্গে ভুখা মানুষের হাহাকার আর প্রতিভার অপমৃত্যু।
তবুও যে আমরা স্বাধীন!
বর্তমান সমাজের আকাশচুম্বী দম্ভের গল্পবলার জন্যে।
আর একটা হিংস্র সমাজের গঠন দেখে যাওয়ার জন্যে।