Aug 15, 2022

সন্দীপ সাহু

আঠারো কথা রাখেনি


আজ আঠারোর আত্মনিবেদন -দিন।
এই দিনটাই জন্ম দিয়েছিল, লালন করেছিল
"আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো"-র।
জন্ম দিয়েছিল ভয়হীন কত কত প্রাণ।

আত্মনিবেদন দিন ক্রমশ সাম্রাজ্য বাড়াচ্ছিল।
ঔপনিবেশিকের প্রমাদগোণা শুরু হয়েছিল।
আত্মনিবেদন-দিনগুলো ভগৎ প্রীতি মাস্টারদা ...
নামাঙ্কিত হতেই পনেরোই আগস্ট এলো।

একশ' পনেরোতম আঠারোর আত্মনিবেন-দিন।
ছিয়াত্তরতম পনেরোই আগস্ট আসছে।
প্যাণ্ডেল, স্টেজ বাঁধা হয়েছে আঠারোর ঠিক পাশে।
মালা দেওয়া হবে, মুষ্টিকে বদ্ধ করে, অশ্রুতে

স্মরণ করা হবে নাটকীয় উচ্চ মধ্য নিম্ন স্বরে।
তার আগে সকাল সকাল হবে প্রভাতফেরি।
আঠারোর আপোষহীন তেজদীপ্ত ছবি মোড়ে মোড়ে।
গাওয়া হবে গান, "একবার বিদায় দে মা ঘুরে আসি"।

তেরঙ্গা, ছিয়াত্তর বছরে কালিমালিপ্ত হয়েছে বার বার।
আঠারোকে প্রতিবার স্মরণ করেছি এইভাবেই।
আঠারো হয়ে উঠিনি কোনোবারই।
আঠারোকে ভাঙিয়ে মিথ্যা এসিডটেস্টের অভিনয়ে
লোককে ঠকিয়ে এসেছি, সর্বহারার নামাবলিতে!

আঠারো কথা রাখেনি। ফিরে আসেনি।