চিরাচরিত স্বাধীনতা
রক্তমাংসহীন মূল্যবোধের অবক্ষয় থেকে
জন্ম নেয় স্বাধীনতার শ্লোগান
এক্কাদোক্কা থেকে শুরু করে কলেজ চত্বরে
সর্বত্রই চলছে শ্লোগানের ওয়ার্কশপ।
তবুও আজ কেন অকারণেই থমকে দাঁড়িয়ে
বলতে হচ্ছে শ্লোগান চাই
আরো শ্লোগান চাই...
ধর্ষণ চাইনা, ভুখাপেট মরতে চাই না
চাইনা ফুটপাতঘেরা জীবন
চাইনা উলঙ্গ দুর্গা
চাই একটুকরো স্বচ্ছ আকাশ
এক ঝোলা বাতাস
চাই মুখোশহীন বিশ্বাস!
কোথায় খুঁজবো এদের?
তার জন্যও কি চাই শ্লোগান!
পঁচাত্তর বছর ধরে তোমাকে বদলাতে চেয়েছি,
পারিনি... তুমি যে চিরাচরিত স্বাধীনতা!