জালিয়ানওয়ালাবাগ
একটা কুয়োর ভেতর কিভাবে ঢুকে যাচ্ছে
গোটা ভারতবর্ষ।
একটা কুয়োর ভেতর থেকে কিভাবে জেগে উঠছে অন্য পৃথিবী।
মাঠের ভেতর সাধারণ একটা কুয়ো,কিভাবে আজও আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেছে অন্ধকার থেকে আলোর পথে।
আমার ছেলে যখন পাঞ্জাবে পড়তে গেল
তখন প্রথম আমার মনে পড়েছিলো তোমাকেই।
পরিবারের কেউ ভেবেছিলো স্বর্ণমন্দির কিংবা ভিন্দ্রেওয়াল,
কেউ অপারেশন ব্লু-স্টার আবার কেউ বা
ইন্দিরা গান্ধী অথবা মিলখা সিং
আবার হয়তোবা সব ছাড়িয়ে কারোর কারোর মনে পড়েছিলো সারা ভারত জুড়ে অকারণ শিখ নিধন।
আমার কিন্তু শুধু মনে হয়েছিল একঝাঁক গুলি আর জেনারেল ডায়ার।
একটা কুয়োর ভেতর যদি ঢুকে যায় একটা উপমহাদেশ
কিংবা হাজার হাজার স্বদেশীর লাশ,
একটা কুয়োর ভেতর যদি ঢুকে পড়ে গোটা পাঞ্জাব কিংবা গ্যালন গ্যালন রক্ত,
ঠিক তখনই জেগে ওঠে ফিনিক্স পাখিরা,
আশ্চর্যজনকভাবে ডানা মেলে জন্ম নেয় কাশ্মীর থেকে কন্যাকুমারী
হাজার হাজার মানুষের বুকে এঁটে থাকা ঘৃণ্য বুলেট,সমস্ত গা বেয়ে গড়িয়ে পড়া গরম কুমকুম।
আজও অবাক হয়ে দেখি
একটা কুয়োর ভেতরে থেকে কিভাবে বেরিয়ে আসছে উন্মত্ত কৃপাণ,
একটা কুয়োর ভেতর থেকে কিভাবে জেগে উঠছে ভারতের স্বাধীনতা।