May 30, 2023

আব্দুল গফফার

কবিতা
ঊনিশ-একুশের সহাবস্থান

পৃথিবীর যত ভাষা প্রিয় ভাষা বাংলা ভাষা,
সংগ্রামের ভাষা যখন বাংলা ভাষা, মাতৃভাষা-
ভাষা কখনো জাত মানেনি, মানেনি ধর্ম, স্থান।
আন্দোলনের মুখ যখন রফিক সালাম সুনীল সত্যেন্দ্র'রা।

সময়ের ইতিহাস সুদীর্ঘ, আজও বঞ্চনার শিকার মাতৃভাষা,
কেউ ভুলেছি, স্মৃতি রোমন্থিত হয় কত মানব মনে-
বাংলাদেশকে মনে রাখলেও চর্চার আড়ালে অসম,শিলচর।
ব্যবধান বাহান্ন আর একষট্টি ও ঊনিশ আর একুশের,

জ্বলজ্বল করছে, রক্তক্ষয়ী এই দুই লড়াই ভাষা সংগ্রাম,
মাতৃভাষার জীবন্ত আবেগ, প্রেম, সম্মান ও বলিদান-
সমাধির অন্তরালে চিরঘুমে সাহিত্য বরকত জব্বার ভাইয়েরা,
জীতেশ কমলার ছায়া প্রদক্ষিণরত আকাশে বাতাসে।

ভাষার লড়াইয়ে নিভে ছিল কত তাজা প্রাণ,
ফেব্রুয়ারির মতই উত্তাল হয়েছিল মে মাসের বরাক-
চিন্তা চেতনার মানদন্ডে ঊনিশ একুশের সহাবস্থান,
এগারো থেকে কতশত শহীদ এ এক কলঙ্কিত ইতিহাস।

রক্তে রাঙানো মাতৃভাষা পরিপূর্ণতা পেল না আজও,
স্তিমিত হয়নি লড়াই, চলছে বিভেদ সৃষ্টির প্রবণতা,
নাগরিক পঞ্জির নবায়নের জন্য ক্ষুন্ন হচ্ছে মৈত্রিত্ব-
ঊনিশ একুশের পবিত্রতা রুখবই, বাঙালি জাতি সদা সজাগ।