কবিতা
বাতাসের গান
সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল
মেঘমল্লারে ছিল বাতাসের গান,
শঙ্খচিল ডানা ঝাপটে খুঁজে ছিল
আকাশের নীল,
মেঘের ফাঁকে উঁকি দিয়ে যাওয়া
রোদেলা দুপুর ছিল মৃয়মাণ হয়ে।
আরো ছিল আসন্ন কালবৈশাখীর
ঘনঘোর ঘনঘটা আকাশের শরীর জুড়ে।
হঠাৎ মেঘের আড়ালে সেই প্রিয় মুখ—
আমি তার অপেক্ষায় ছিলাম
জানি তাঁর হাত ধরে জোৎস্না দেখা
কোনদিনই হবে না আমার
ইচ্ছেটা শুধু ইচ্ছেই থেকে যাবে
তবু সে ভালো থাকুক তাঁর নতুন ঠিকানায়,
নতুন করে বেঁচে উঠুক তাঁর অপ্রাপ্তির সুখ স্বপ্নগুলো
শুধু আফশোস থেকে গেল
যখনি প্রত্যাশা থাকে এবার হয়েছে সময়
পিছু ফিরে চেয়ে দেখি,কোন ক্ষণে সন্তর্পণে
গেছে সে চলে।।