May 29, 2023

চন্দ্রা বিশ্বাস

কবিতা
বাঁচতে চাই 
      
নিত্যিকার দিনরাত গঙ্গাজলে ধুয়ে 
আবর্তিত অতীতের পুণ্যপাপ ছুঁয়ে 
জীবন মৌন আজ আত্মনিরীক্ষায়। 
উন্মুক্ত জীবনখাতা হাট করে খোলা 
চিত্রগুপ্তের দপ্তরে রেখে তদন্তের দাবি ।
ধন  নয়, রাজ্য নয়, নয় জুড়িগাড়ি, নয় পরমান্ন, 
শুধু দুই মুঠো অন্ন, অন্ন আর জল 
হোক সম্বল আর বিষহীন বায়ু ,
বাঁচাতে জীবনখাতে মাপা পরমায়ু। 
বেশি হল চাওয়া? তুচ্ছ নয়,অতি তুচ্ছ নয়,এই দাবিদাওয়া? 
দাও উত্তর ঈশ্বর,দাও দিতে যে হবেই,
জীবন শায়িত দেখ কফিনে নীরবে। 
উন্মোচিত ওষ্ঠ তার খোঁজে সিঞ্চন ,
জল দাও জল,জলই যে জীবন। 
এক ফোঁটা জল আর একমুঠো বায়ু ,
জীবন পাবেই ফিরে হারানো পরমায়ু। 
প্রকৃতি উঠবে জেগে সবুজ বিপ্লবে ,
ভালবাসা আঁকা হবে জীবন উৎসবে।