Mar 31, 2023

কুশল ভৌমিক

তিস্তা যেদিন ভাগ হয়ে যায়

তিস্তা যেদিন ভাগ হয়ে যায়
বাতাসের বিপরীতে দোল খায় টাঙ্গাইল ও হুগলী 
সীমান্তের মতো সম্পর্কগুলোও আটকে থাকে
বর্ডারলাইন বরাবর -কাঁটাতারে। 

গঙ্গার জল একই নিয়মে গড়িয়ে পড়ে পদ্মায়
একই বাতাসে দুলতে থাকে
যশোর রোডের শতবর্ষী বৃক্ষ 
রবীন্দ্র-নজরুল একই দ্যোতনায় দূর করে দেয়
যাবতীয় সেমিকোলন, হাইফেন 
কেবল ভিসা অফিসের সামনে দাঁড়িয়ে 
দিদাইয়ের চোখের জল 
রাষ্ট্রের ভেতর তৈরি করে নো-ম্যানস ল্যান্ড! 
ভদ্রেশ্বর সি,সি,চ্যাটার্জি রোডে ছড়িয়ে পড়া
বড়ো মামার দীর্ঘশ্বাস 
গঙ্গা পদ্মা যমুনা পেড়িয়ে আছড়ে পড়ে 
সদুল্যাপুর স্কুল মাঠে
আঁজলা ভরে সেই দীর্ঘশ্বাস মা তুলে দেয় 
দিদাইয়ের আঁচলে। 

সেই থেকে দিদাই জানে
তাঁর হৃৎপিন্ড বরাবর কেউ চালিয়েছে করাত 
এপার-ওপার 
মাঝখানে তিস্তার জল 
টকটকে লাল...