Mar 31, 2023

নমিতা সরকার

জীবন জলের নদী 

যে নদীর তীরে আত্মার ভীড় জমাতে অধীর আগ্রহে, পাড়ের সুডৌল মাটিগুলো দু'হাতে আবেশে আবেগে জড়িয়ে নিতে জীবন জলের পিপাসায়...

সে নদী তোমার আজ বড় অচেনা, চেনা সেই দুই পাড়ের শিহরিত কাশফুলের দোলা যেনো বিষকাটালির গাছে ছড়িয়ে আছে তোমার চোখের বালিতে...

কেনো যে আর নদীর বুকে ভীড় জমাও না, জল তরঙ্গে মেতে ওঠো না, নেচে ওঠো না, হেসেও ওঠো না জোৎস্নার আলোয়।

অথচ নদীর কূলে মাথা রেখে কত রাত কত প্রহর কেটে ভোর হতো জল তরঙ্গের খেলায়...

নদী তোমার আত্মার গন্ধ নিয়ে অপেক্ষা করে দিনের পর দিন, রাতের পর রাত, নদীর বুকে কবে আবার ভীড় জমাবে ভীষণ আবেশে, ভালোবেসে নদীর জলে ভেজাবে আবার কবে তোমার প্রেমের হাত।