Mar 31, 2023

জয়িতা ভট্টাচার্য

পিঞ্জর

যদি ছায়া হতে পারতাম 
যদি ওই দুটি গালে চুমু 
কপালে একবার।
এক্ষুনি পাল্টে যেত সব

তারপর।সেইসব রাত নেমে এলে
দেখি আমি অন্ধকার।
চুপচাপ কিশলয় পড়ে সেই মেয়ে।
বাঁশবন চুপিচুপি বলে দেয় সব
কালো কালো পথ গড়িয়ে যায় গর্তে
টর্চের আলো।হ্যারিকেন দপ দপ করে।
আকাশ আর মাটির মাঝে সেইসব
শূন্যে ঘোরতর স্মৃতি যায় আসে।সেও আসে।
চাঁদ মাখা সে প্রবেশ করে ভোরের ভেতর।
আলো নেই।এখানে আর আলো জ্বলে না।
ক্ষমতা আর পরাক্রমের 
শুনশান ইতিহাস লেখে।আকাশ আর মাটির মাঝে। 
তোমাকে ভেবে চোখের জল
ভেসে গেল 
 রূপকথার মতো,বিষণ্ণ সন্ধ্যা এলে ভাবি
তোমাহীন কোনো 
 মুক্ত জীবনের কথা।