Mar 31, 2023

চন্দ্রা বিশ্বাস

কালি-কলম-মন 

মন-মানচিত্রের উপর দাঁড়িয়ে 
ঠিকানা হারিয়ে ফেলি বিশ্ব-জমানায়,
ভাবনার গতিপথ সড়কের ধুলোমাটিতে 
মায়া-মোহের স্মৃতিতে গড়াগড়ি খায়।
বনপথে পথচারীর কাঁধে হাত রেখে
মন-পথিক শিল্পীর তুলিতে ছবি আঁকে,এঁকেই যায় ,
খড়ের চালায় ঢাকা, মাটিতে নিকোনো রোয়াকে বসে 
অবোধ মন-শিশুর অবাক দৃষ্টিতে  ভেসে ওঠে ,
কৈশোরের হাডুডু, এক্কাদোক্কা আর শান্ত নদীতে বন্ধুরা মিলে একসাথে ঝাঁপাঝাঁপি।ইলেকট্রিকের তারে বসে ভাবুক
কাক খাবার খুঁটে খেতে ভুলে যায়,
ফাঁকা পথে উদাস রিকশাওয়ালার
অযথা প্যাঁক প্যাঁক শব্দ। 
ভাঙা বাড়িটার কানাচে লুকোনো মা-বিড়ালের 
সদ্য চোখ ফোটা বাচ্চাগুলোর অসহায় চাহনি ,
ঘুলঘুলিতে খড়কুটোর বাসায় প্রেমলীলায় মগ্ন চড়ুই-দম্পতী।
খেজুর গাছে বেঁধে রাখা রস- চুয়ানো মেটে কলসীটা,
স্টেশনের সিঁড়ির পাশে বসে থাকা অভাগা ভিখিরীর 
বাড়িয়ে দেওয়া হাতটা।
মনের মণিকোঠা থেকে উঁকি মারে 
এমনই কত শত বিস্মিত বিমূর্ত স্মৃতিরা,
অসহায় মন তখন স্বপ্ন ও সত্যের দোলাচলে।