Mar 31, 2023

শ্বেতা_ব্যানার্জী

ভাবিকাল

ভোরের লিকার চায়েও দেখি অন্ধকার 
ঠোঁট রাখতে ভয় পাই কাপে, 
পাছে অন্ধকারে মেশে আমার শরীরে.... 

হারিয়ে গেছে দোল পূর্ণিমার রঙ,
হারিয়েছে দোলনচাঁপা, পোড়া অশ্বত্থের ছায়া মেখে 
শুন্যতায় চোখ রাখে কালপ্যাঁচা।

স্ব-ইচ্ছায় হারাচ্ছে বনস্পতির বন ছায়া, 
কাকেরা হারাচ্ছে বাসা, গৃহস্থ সংসারে 
তাদের নিত্য যাওয়া আসা..। 

এখনো লিকার চা হাতে বসে আছি,
সময়ের নড়াচড়া স্তব্ধ এখন 
স্থবির আসবাবপত্রের মতন। 

প্রযুক্তির জটাজালে  সভ্যতার চিরুনি 
আঁচড়ে চলে সমকালের খেদ।
তবুও নিরুত্তর  উপগ্রহ। 

স্নায়বিক উত্তেজনা ছড়ায় ভাবিকাল
বর্তমানের কোলে বসে...।
আমারও নিরুচ্চার ঝুঁকি না নেবার ঝোঁকে...। 

আমরা অপেক্ষামান শান্তির খোঁজে 
শান্তিরা ডানাঝাপটায় বন্ধ খাঁচায় বসে
বলে গ্যাছে ভোর চুপিসারে 
আমি ফিরবো শিশুর কান্না হয়ে ------