Mar 31, 2023

রমা চন্দ্র

সংলাপ

এখন রাত্রি এগারোটা-
শুয়ে পড়েছে কোলাহল,
জনপথ জনবিরল
মালবাহী যান চলছে অবিরল...
মায়াবী এক স্বপ্ন হরিণের 
নিঃশব্দ আনাগোনা-
নিশাচর শিকারীর ধূর্ত পদচারণা...
নিয়ন আলোর নিচে-
পাহাড়াদার সারমেয়র ঘুম,
দূরের ক্যাফেতে- 
চীনি লাইটের আলোয় উৎসবের ধূম
আধপাগলা এক পথিক নির্ঘুম-
একাকী পথচলা...
বাতাসের সাথে কথা বলা
সুর হয়ে ফেরে দখিনা বাতাসে
কোন এক খোলা বাতায়নের আশে
যেথা কস্তুরির সুগন্ধ ভাসে...!
বন্ধ অলিন্দ পথিকের মনে এনে দেয়-
শ্মশানের চন্দনের গন্ধ
কবরের গোলাপের বিলাপ...
কফিনের উপর ঝরে পড়া 
বসন্ত ফুলের কিছু সংলাপ...
এমন ভাবেই পথিক আর ঘড়ির কাঁটা-
ভাঙে গহীন রাতের নিকষ আঁধারটা...!