Jan 20, 2022

তাপীব

তেঁতুল তলায় যাওয়া বারণ 

তেঁতুল তলায় যাওয়া বারণ,
ভরদুপুরে সন্ধ্যাবেলা।
ঠাম্মা বলত, ‘ওই প্রেত-কালাটা,
খল-স্বভাবে করবে খেলা’।

তবু কেন শেষ দুপুরে,
মাতাল নেশায় তেঁতুল খোঁজা;
একটা না হয় দিতেম তোকে,
বাকি বেবাক বাড়তি বোঝা।

ছিপ ফেলে সে পুকুর ধারে,
মাছের সাথে করতেম খেলা।
বিদ্ধ হুলে আদ্র-আবেগ,
বরাতজোরে নজর মেলা।।

ঘুম ভাঙ্গা সে সকালবেলা,
কাঁচা হাতে হলুদ উঠা;
চটক-চড়ুই সাক্ষী ছিল,
মনচিহ্নে বিয়োগ সাঁটা।

মাইরি, সে সবুজ শাড়ি-
তোর চোখেতেই জরিপ করা,
প্রথম প্রণয় হবে বোধহয়;
কিংবা খানিক সোহাগ ভরা।

দীর্ঘশ্বাসে জাজী-দ্রুম’র-
কেতুর চোখে পলক মেলা।
তেঁতুল তলায় যাওয়া বারণ,
ভরদুপুরে সন্ধ্যাবেলা।।