Jan 20, 2022

বিধর্না মজুমদার

অভাব

আমাদের এই অভাবের সময়ে, 
দোকান গুলি মুখ ফিরিয়ে রাখে 
লোকজন গরীব বলে মস্করা করে। 
আমাদের এই অভাবের সময়ে, 
বাবা ভাঙাচোরা ব্যবসায়ী হয়ে যান
খড়ের বিছানায় শুয়ে থাকি। 
আমাদের এই অভাবের সময়ে, 
উপর থেকে ঘুনের টাল নেমে আসে 
ঝাড়ু দিয়ে পরিস্কার করি। 
কেরোসিনের দাম অনেক 
তাই রাস্তার ল্যাম্পপোস্টের নিচে 
বইখানা নিয়ে দৌড়ে যাই। 
আমাদের এই অভাবের সময়ে, 
কলমির শাক গুলি আনমনে চেয়ে থাকে 
মা তুলে এনে রেঁধে দেন। 
ছাতার বদলে কলাপাতাই সম্বল! 
আমাদের এই অভাবের সময়ে, 
টাকাপয়সার মুখ দেখাও বারণ 
শুধু বুকে ছাঁই পোষে রাখি। 
আমাদের এই অভাবের দিনে, 
বামুন হয়ে চাঁদে হাত দেওয়া নিষেধ
চাঁদ কলঙ্কিত হলেও অনন্য। 
ভাগ্য যেন নিষ্ঠুরতার সীমানা পেরিয়ে গেছে! 
এখন চমৎকারের আশায় বসে থাকা। 
আমাদের এখন অভাবের সময়।।