Jan 30, 2023

সোনালী মণ্ডল

অসুর

তুমি বলছো বারে বারে কাছে এসে মা,
পাড়ার মন্দিরে এক বেলাটি প্রতিমা দেখতে যা।
বাজার থেকে বাছাই করা এনেছো কিনে নিয়ে,
লাল রঙের এই জামা দেখে পছন্দে মন ভরে।
তোমার মনে কখনো কি একটুও মনে পড়ে,
আমি কেনো চুপটি করে থাকি ঘরের কোণে?
সন্ধ্যা রাতে দুর্গা পূজার ঢাকের শব্দ শুনে,
আঁতকে উঠি মা আমি চাইনা যেতে বাইরে।
আবার যদি অমন করে গত বারের পুরোহিত কাকু,
প্রসাদ দেওয়ার নাম করে হাতে দেয় কিছু কাজু।
আবার যদি অমন করে মন্দিরের পিছন ঘরে,
আমার গায়ে দেয় ব্যাথা আদর করার নামে।
নতুন জামা ভেজায় যদি ভেসে রক্তের জলে,
কেমন করে আসবো ফিরে ছেড়া জামা পরে।
বেড়ালের আঁচড়ে মুখ ভরেছে ভাববে পাড়ার বন্ধুদের দল,
সত্যি বলতে বারণ যতোই তারা প্রশ্ন করুক বল।
যতোই চাই ভুলতে তবু সরেনা মনের থেকে,
নানান প্রশ্নে ভয় লাগে রাস্তায় বের হতে।
আমায় দেখে বারণ করে খেলতে কারোর সঙ্গে,
বাঁকা চোখে দেখে সবাই কি ভাবে কে জানে?
বেশতো ছিলাম খেলায় মেতে অষ্টমীর সেই দিনে,
অসুর কেনো ভর করেছিল পুরোহিতের ছদ্মবেশে।
তুমি বলেছিলে দুর্গা কালী সবই নারী র এক রূপ,
অপরাধের কোনো শাস্তি হোলোনা,আমিই কেবল চুপ।।