জতুগৃহ, যুদ্ধদিন - ধ্বংস হোক
শেষতম জতুগৃহ ধ্বংস হোক
ধ্বংস হোক বোমারু বিমান, তীক্ষ্ণ হাতিয়ার,
এসো প্রাইম-মিনিস্টার, এসো মহারাণী, এসো রাষ্ট্রপতি
নিয়ে এসো মোম, গালা, দাহ্য রসায়ণ
এসো, কে লাগাবে আগুন, এ সময়ের এই আত্মঘাতী জন্মদিনে।
কে লাগাবে আগুন মোমের পালকে,
কেই বা খাবে রক্তছুড়ি, কাটা কেক?
তোমাদের দেয়া যাবতীয় অর্ঘ্য উপহার
ওই দ্যাখো রাখা আছে গঙ্গা যমুনার পাড়ে,
জলের দূষণে ও বহমান খুনে -
ওখানেই রোজ রোজ চুরি যায় বোধ ও বিধান;
হাতিয়ার নিয়ে তেড়ে আসে ষড়যন্ত্রী নেতা, ভাতৃঘাতী ভাই!
প্রণিপাত করি, আর নয়!
শত্রুদের মুখোমুখি শেষ-জতুগৃহে মানুষেরা শুদ্ধ হতে চায়।
তাই বলি, ধংস হোক যাবতীয় জতুগৃহ, যত কিছু বোমারু বিমান!
ধংস হোক জড়ো করা দাহ্য রসায়ণ! মোম-গালা, পেট্রোলের ট্যাঙ্ক!
শেষতম জতুগৃহে শুদ্ধ হোক বোধিসত্ত্ব মানুষের দিন
আগুনে আগুনে শুদ্ধ হোক রক্তঝরা মানুষের আত্মঘাতী দিন।