মেসেজ
রাতের বুকের মধ্যে পৃথিবী ঘুমায় ক্লান্ত শিশুর মতন।
মেঘের পাঁজর ফুঁড়ে বেজে ওঠে বেঠোভেন
তাঁর নাইনথ সিম্ফনি
গ্রহান্তরে ভেসে যায়।থরথর করে কাঁপে সাঁকোর মধ্যে নীল জল।
চাঁদের শরীর ভালো নেই। গলায় মেঘের মাফলার।
এপসিলন তারা থেকে ভেসে আসে অস্পষ্ট,অচেনা মেসেজ
চাঁদ কানে হেডফোন দেয়। আকাশের চোখ থেকে রাত্রির শিশির।
অণু-পরমাণু হয়ে অকস্মাৎ ভেঙে যায় সমস্ত কোলাজ।
নাইনথ সিম্ফনি যেন ইরেজারে ধুয়েমুছে যায়। বিবস্ত্র আগুন বাতাস
মেট্রো ট্রেনের মত মহাকাশে ছুটে চলে যায়।
এপসিলন তারা থেকে ভেসে আসা অচেনা মেসেজ ক্রমে বোবা।
চাঁদের চোখের জল মুক্তোবিন্দু, মাফলারে চোখ মুছে নেয়।