ক্ষমাহীন খিদে
শব্দের সাথে সঙ্গমে লিপ্ত থেকেও আজও পারলাম না জন্ম দিতে প্রকৃত সৃজন । উষ্ণ জমির বুকে
রক্তাক্ত শীতলপাটি আর রয়ে গেল কিছু শীতল স্নায়ুযুদ্ধ।
শব্দের কাছে কবিতা চেয়েছি,বিনিদ্র রাত তার সঙ্গলাভে সরিসৃপের গরল গিলে অন্তরে উষ্ণতার পাপ পুষেছি, ভেবেছিলাম আমার উচ্ছ্বলতার মাস্তুলে আর নিভু নিভু নীল কাজলে ফেনিল স্বপ্ন আঁকবে এসপ্রেসোর ধোঁয়া ঢাকা চুমুক।
না, আমি শুধুই সম্মোহিত হয়েছি ঘোরলাগা সময়ে
শব্দকে যখনই অনুভবে বাঁধতে চেয়েছি তখনই কাঙাল হয়েছি।
ক্ষমাহীন সময় বুঝি এইভাবেই দৌড়ে যায়---
স্বপ্নের মিথ্যে আশ্বাসে যত জ্ঞানী হয়েছি ততই ঝুঁকতে ঝুঁকতে ক্ষইতে শুরু করেছি।
ধিক্ আমাকে, চারপাশে এতো খিদে, এতো ক্ষোভ,শত দুঃখের মেঘ। তবুও রোদের সন্ধানে জলীয়বাষ্প হতে চেয়েছি! বন্যার সিঁড়ি বেয়ে সমুদ্র খুঁজেছি! কিন্তু শব্দের যজ্ঞে নিজেকে সঁপে যোগ্য হয়ে উঠতে আজও পারিনি।