একুশ, আমার পরিচয়
"একুশ" আমার বুকের ভিতর একটি লাল গোলাপ
আদরে সোহাগে আগলে রাখি লাগতে দেই না আঘাত ।
মাতৃভাষার জয়ের কাহিনি শোনায় অমর একুশ
চেতনায় জাগে নতুন জোয়ার আশায় ভরে বুক ।
শত চেষ্টাতেও পদানত হয়নি আমার মুখের ভাষা
পৃথিবীর তিন দেশেতে দেখো উজ্জ্বল বাংলা ভাষা।
বর্ণপরিচয় আর বাল্যশিক্ষা মনের গভীরে প্রোথিত
মননে, যাপনে, চিন্তনে, সৃজনে সদাই উদযাপিত।
বাহান্নতে বুলেটে ঝাঁঝড়া হৃদয়তন্ত্রী থামেনি
সহস্রকোটি রক্তবীজেরা এখনো দাপায় পৃথিবী।
আজো পথ দেখায় সালাম রফিক বরকত জব্বার
সেই পথে ছোটে ভাষাসেনানীরা দুর্বার অনিবার।
কোন ক্ষমতায় সম্ভব নয় মুখের ভাষা কাড়া
মাতৃভাষার অগাধ জোর তরবারি থেকে বাড়া।
লাল রঙে ধোওয়া বাংলাভাষা সূর্যের মত সত্যি
যতদিন থাকবে চন্দ্র সূর্য ততদিন দেবে শক্তি।
নিপীড়নের বিরুদ্ধে গর্জে ওঠার অস্ত্র এই একুশ।
পৃথিবীর সব মাতৃভাষা উদযাপনের একুশ।।