মাতৃকোষ
একলা দুপুর নির্জনতায় আয়েশি হয় জানি,
ক্লান্ত পুকুর মাখছে দুপুর তবুও টানছে ঘানি।
কোন ঠিকানায় যায় বলাকা সাঁতারে আকাশ খানা,
উদ্দেশ্য হীন সাঁতরে চলা গন্তব্য অজানা...।
আসবে সুদিন হাসবে ভাষা, জন্মদিন তার-ও,
লাল গোলাপের ঝাঁকে ঝাঁকে উদাসিন চোখ কার-ও।
গোলাপ ছুঁয়ে দেখবে তখন কাঁটাতারের বেড়া,
কোন সৈনিক কানের কাছে নিত্য দেয় পাহারা।
আজও শুনি মাতৃভাষা মাতৃকোষেই মজুত,
সীমান্তের ওপার-এপার পারানিতে রাষ্ট্রদূত।
কম্পাসের দিক নির্ণয়ে অশনিসংকেত ভাসে,
তবু,কবর ভেঙে স্বপ্ন খুলে শহিদ ভাইরা হাসে।
ভাষার রক্তে লাল হয়েছে সবহারাদের পথ,
সব হারিয়ে শব পেরিয়ে ঐ আনছে জয়রথ।
বর্ণমালায় হাত রেখেছে প্রত্যয়ী যত মুখ...।
স্বর্গ তখন বিস্বাদ লাগে মাতৃভাষাতে ই সুখ।
অ- বলতে অজগর বুঝি, আ- বলতে আম,
বর্ণমালা ছুঁয়েছি 'মা' হারিয়ে অনেক প্রাণ...।
আজও তবু গলায় ঝোলে অনেক দুঃখসাজ,
আমার চাওয়া উদ্ভিদে ঘাসেজলে ভাষার সম্মান।