Feb 21, 2023

কল্যানী ভট্টাচার্য্য

অহংকার

মাটির বুকে লুটিয়ে পড়ে ভাষার জন্য কত প্রাণ
রক্ত জমার পলাশ বনে বর্ণমালা ছড়ায় গান। 
মান রাখিতে মাতৃভাষার হয়েছে কত প্রান বিসর্জন
মিছিল চলে এই জনতার বাহান্নরই সালে। 
বাংলা মোদের রাষ্ট্র ভাষা মোদের প্রানের ভাষা
যে ভাষাতে শিখেছি কথা মাতৃজঠর কালে। 
বিশ্বে দেখো কোথাও নেই এমন ইতিহাস
ভাষার জন্য মাটির জন্য রক্ত মাখা পলাশ। 
ছয় ঋতুর এই বাংলা ভাষা বারো মাসে ঘেরা
মায়ের ভাষা বাংলা ভাষা সবার মাঝে সেরা। 
নদীর পাড়ে বাড়ি আমার বাংলা মায়ের কোলে
নদীর জলে অঙ্গ জুড়ায় নাইতে নেমে জলে। 
এই ভাষাকে কদর দিতে রক্তে রঞ্জিত রাজপথ
ছিনিয়ে এনেছো বাঙালীর অধিকার বুলেট আর বারুদের গন্ধে। 
আমি বাংলাকে ভালোবাসি বাংলায় কথা বলি
মাতৃগর্ভে দশ মাস দশ দিন থেকে পেয়েছি বাংলার ঘ্রাণ। 
বাংলা আমার সারা শরীরের বিন্দু বিন্দু ঘাম
বাংলা আমার রক্তের ভাষা আমার স্বাধীনতা। 
হৃদয় তন্ত্রে শিহরণ জাগায় আমার মায়ের ভাষা
বাংলা আমার আশার আলো আমার মুক্তির পথ। 
যে ভাষাতে মধুর সুরে ডাকছে কোকিল গাছে গাছে
এই ভাষাতেই আমরা শুনি নদীর কলতান। 
একাত্তরের নতুন প্রভাত লাল সবুজের দেশ
ফেব্রুয়ারির একুশ তারিখ বাংলা ভাষার রেশ। 
বাংলা আমার মায়ের আঁচল আমার কন্ঠ হার
বাংলা আমার প্রাণের ভাষা আমার অহংকার।