Feb 21, 2023

গীতশ্রী ভট্টাচার্য্য

বুলি

উনিশ আমার রক্ত কণিকা, একুশ বুকের পাঁজর
দুটোই আমার মুখের ভাষা, দুটোই লিখার আখর।
বাংলা আমার মায়ের গর্ভ, বাবার জন্ম ঋণ
বাংলাতেই ভাবনা আমার মগজে রাতদিন।

রক্ত ঝরা শিকড় বেয়ে এসেছে ভাষার ধারা
মৃত্যু তাদের অমর করেছে প্রাণ হারাল যারা।
কৃষ্ণচূড়া, অশোক ,পলাশ আগুনফুলের মালা
শহীদ বেদী সাজিয়ে রাখে ভালবাসার ডালা।

এই ভাষাতে কথা বলি, এই ভাষাতেই লিখি
এই ভাষাতে শুনি আর এই ভাষাতেই দেখি।
আগলে রাখি মধুর আমার মায়ের মুখের বুলি
এ যে আমার পরিচয়, বল কেমন করে ভুলি!