অন্ন চাই (গল্প)
অনাথ, ক্ষুধার্ত, অন্নহারা শিশুরা ক্ষুধা নিবারণ হেতু পথে বেরিয়েছে । খাদ্যের সন্ধানে দ্বার হতে দ্বারে ঘুরে বেড়াতে বেড়াতে পথ চলছে । কোথাও অন্নের সংস্থান মেলেনি । আশাহীন অন্তরে ক্ষুধার তাড়নায় পথ পাড়ি দিচ্ছে । অবশেষে দলবদ্ধ হয়ে এসে পৌঁছেছে এক দানবীর উদার মনুষ্যের দ্বারে ।
প্রকৃত মানবিকতার অধিকারী সেই মানব গৃহ হতে অনাথ, অন্নহীন শিশুদের কন্ঠধ্বনি শুনতে পেলেন । দ্বারে এসে প্রত্যক্ষ করলেন, একদল অন্নহীন অসহায় শিশুকে ; শিশুরা ক্ষুধার্ত, আহার প্রার্থী, ভিক্ষা চাইছে । আর শিশুরাও ভাবছে তিনি হয়তো কিছু একটা দেবেন,জঠর জ্বালা উপসম হেতু । গৃহকর্তাকে সম্মুখে উপস্থিত দেখে তারা নিরাশ অন্তরে একটুখানি আশার পরশ পেলো , মনে আশার আলো জাগলো । গৃহকর্তা শিশুদের আশ্বস্ত করে অন্দরমহলে প্রবেশ করলেন । গৃহ হতে দু'হাত ভরে সেই দানবীর অন্ন নিয়ে খুশীতে বাইরে বেরিয়ে এলেন । শিশুদের সামনে এসে প্রাণ মন উজাড় করে অন্নদানে রত হলেন । ক্ষুধার্ত শিশুদের প্রসারিত উন্মুক্ত হস্তে অন্ন ঢেলে দিলেন । আর শিশুরাও তা' আপন মনে অনাবিল আনন্দে গ্রহণ করে ক্ষুধা নিবারণের খানিকটা পথ খুঁজে পেলো ।