সাপ
মাঝে মাঝে বেশ বুঝতে পারি
নিজেকে গোটাতে গোটাতে কুণ্ডলী পাকিয়ে ফেলছি
তবে কি শরীরে জমেছে নিদারুণ বিষ?
না বেঁকেই চলেছে শিরদাঁড়া
অসহ্য গ্রীষ্মের দাবদাহ মাঝে
অসহায় শীতঘুম চারিদিকে।
এখন লাখ টাকার প্রশ্ন-
আক্রমণ না হয় বাদই দিলাম
আত্মরক্ষার সময়ে উঠে দাঁড়িয়ে শত্রুর চোখে চোখ রেখে মারতে পারবো ছোবল?
নাকি শীতঘুমে মজতে মজতে শুধু
খোলস বদলে বদলে কাটিয়ে দেব চিরকাল...