মহাকর্ষ এক প্রেমিকার নাম
-----তারপর তুমি বললে
তুমি যেন মৃত নক্ষত্র,
অবাক দৃষ্টিতে আমি তোমার দিকে তাকিয়ে রইলাম,
তুমি বললে, তোমার মহাকর্ষের বন্ধন ছেড়ে আমি কিছুতেই বেরিয়ে যেতে পারিনা।
তোমার আকর্ষণ নয়, তোমার ভালোবাসার তরঙ্গ
আমাকে ভাসিয়ে রাখে।
ও তাই!! আমি বুঝি কৃষ্ণগহ্বর!!
হ্যাঁ সুপার ম্যাসিভ, যেখানে আমার হৃদয়ের ম্যাসিভ আ্যটাক।
দ্যাখো, আমি তোমাকে কেন্দ্র করে কেমন ঘুরে চলেছি...।
তোমার অনন্যতায় তুমি অসীম ---
তুমি সময়কে দাঁড় করিয়ে জবাবদিহি করো।
তোমার দিগন্তে আমার জমা রাখা মন আজও ফিরিয়ে নিতে পারলাম না,
কবির ভাষায় "ওই যে সুদূর নীহারিকা... "
ব্রহ্মাণ্ডের সহজ সরল গ্যাসে নিউক্লীয়ভাবে আবদ্ধ
হয়ে আজ আমাদের মন, দুটি হিলিয়াম অণু।
তুমি বোঝনা এটা ফিউশন।
আমাদের ভালোবাসার বিস্ফোরণ। যে বিস্ফোরণের
আলোর রোশনাই নক্ষত্র হয়ে সংসার করে আমাদের
মনের আকাশে।
কিন্তু ভয় হয় অনির্বাণ,
কিসের ভয় আমি থাকতে।
ভালোবাসার বিস্ফোরণ যদি হাঁফিয়ে ওঠে? যদি জ্বালানি ফুরিয়ে যায়?
আমি আছি তোমার সাথে সূর্যের তেজদীপ্ত রূপ নিয়ে।
তুমি যে বললে আমার ভালোবাসা কৃষ্ণগহ্বর।
সে তো আমার মনের "ইভেন্ট হরাইজন টেলিস্কোপে"
প্রকৃত ভালোবাসা উপলব্ধি করতে হয়,স্পর্শ নয়।
কৃষ্ণ ও কালী দুইজনেই কালো।
প্রেম ও সংহার যেখানে মিলেমিশে একাকার।
যেমন পদার্থবিদ্যার সূত্র ভেঙে আমরা দুই অপদার্থ প্রেমিক।