Oct 18, 2024

মীনাক্ষী চক্রবর্তী সোম

হারানো শৈশব

অলস বিকেলে সেদিন একা ছিলাম দাঁড়িয়ে
আজন্ম লালিত নদীমাতৃকার চরে।
পাথুরে আঘাতে আহত নদীটি এখন শান্ত
তীরে ধানখেত নিয়ে ঘোর সংসারী, সংযত।
সূর্যডোবার আগে অস্তরাগ ছড়িয়ে 
মায়াময় রঙ হানে হৃদয়ের গভীরে।
নিস্তরঙ্গ নদীর বুকে শব্দহীন শান্ত অভিমান 
কানে কানে বলে গেল হারানো শৈশবের গান।
স্থিরবিন্দু হয়ে দূরে দাঁড়ানো অটল গাছটিতে  
খুঁজে ফিরি হারানো সময় ঝাপসা দৃষ্টিতে।
দুধ সাদা বকের দল ধ‍্যানমগ্ন তপস্বী 
দূরত্ব মাপে শিকারের জলে রাখে স্থিরদৃষ্টি  
অবচেতনে নদীর চরে দাঁড়ায় ছোট মেয়েটি।
জলকেলি করা এক শৈশব আমি তখন দেখছি, 
নিখাদ ভালোবাসায়, মমতায় জড়ানো কৈশোর
জলের গভীরে ডুবসাঁতারে তালাশ চলে রঙের ।
হারিয়ে যাবার খেলা খেলে বিনিময় করি শৈশব
আগে যদি জানতাম অনাবিল শৈশবের বৈভব!