Oct 18, 2024

রমা চন্দ্র

অরূপজ্যোতি

আমরা হারিয়ে যাচ্ছি দ্রুত লয়ে 
অপেক্ষারত কাল প্রলয়ে...,
ছন্দহীন দিশাবিহীন পার হচ্ছি...
সকাল দুপুর সাঁঝ নির্ঘুম রাত...!

গতিহীন অনাহারী প্রাণের
দুখের হাহাকার... 
শব্দহীন করে-
বিত্তশালীর সুখ-চিৎকার!

অবাধ্য বাতাস শুষে নেয়-
নগ্ন দেহের দীর্ঘশ্বাস...,
তীব্র দহনে ঝরা পাতায় লাগে আগুন...
দাবানল রূপে পোড়ায় অযাচিত ফাগুন!

হর্ম্য প্রাসাদ পাষাণ অন্তর
লীন হয় মহাকাল স্রোতে...
প্রান্তে অপেক্ষায় 'অরূপজ্যোতি'
হাতে অমল পরশ বাতি!