এক দোয়াত রক্ত পেলে
এক দোয়াত রক্ত পেলে-
এবং কিছু সাদা কাগজ,
লিখা যেত বিমূর্ত সব বিপ্লবের কথা!
অরাজনৈতিক আখ্যান,
বৃষ্টিহীন কৃষি জমিতে-
উদোম গায়ের কৃষকের কবিতা!
এক দোয়াত রক্ত পেলে-
শহরের অলিতে গলিতে আলপনা আঁকত সেই বখাটে প্রেমিক তার প্রেমিকার ফুলশয্যার রাতে!
লেখা হতো জীবনি শতক
সমস্ত রুগ্ন যৌনকর্মীর
যারা অন্ধকারে দাঁড়ায়
সাদা ভাতের গন্ধ নিতে,
এক দোয়াত রক্ত পেলে-
বিষণ্ণ প্রেমিকা চিঠি লিখত
শহরের সমস্ত দৃশ্য দূষন বিজ্ঞাপণের ব্যানার জুড়ে,
তার সেই অসমাপ্ত চিঠিরা
কবিতা হয়ে ঝরে পরতো..
প্রতিটি বাড়ির দরজায়
প্রভাতী পত্রিকার ভাঁজে ভঁজে!
এক দোয়াত তাজা রক্ত পেলে
আমিও এঁকে নিতাম ভোরের সূর্যকে
এক অদ্ভুত লাল রং-এ!