জলসত্রলিপি
সুতরাং এমন ভাবনাবসত তুমি যেতে পারো প্রান্তর ছাড়িয়ে,
স্বপ্নপ্রণয়ে কেউ এভাবে স্বজনের মাঝে স্বজন খুঁজে মরে!
আমি প্রতিস্রোতে ছুটে যাওয়া এক বৈকালিক বৈভব।
হাওয়া ফুরোলে দমবন্ধ হয়ে আসে নীল ঘুর্ণমান ধোঁয়াভোরে।
অনাবৃষ্টিতে বিজয়সিঁড়ি কতোটা মোহময় ছিলো স্নায়ুসমর জানে,
কবে ঘরে সাজিয়েছো পাথর এখনো সমান উজ্জ্বল।
রাত্রি এক অপার মায়ারূপে জড়িয়ে ধরে, সাজো তুমি,
দিন থেকে দিনে গলে গলে পড়ে ঘৃণা, যাবতীয় প্রসাধনসামগ্রি।
প্রণয় তো একফসলা বৃষ্টি নয়, বন্ধ্যানগরীর পথধুলো ভাবো,
ইচ্ছে-হাতে ঝাড়ু নিয়ে পৌর নর্দমা সাফাইকর্মী হবে?
পথে পথে আমার স্বজনের প্রশ্বাস লেগে আছে , ঘর্ম, তিয়াসও।
ইচ্ছেমায়া ছড়াই, সে পথে যাই , ছুঁয়ে ছুঁয়ে লিখি সমর্পিত জলসত্রলিপি।