সুখের ঠিকানা
সুখ নামের ঐ পাখিটা
যায় যে কোথা উড়ে,
যায় যে পাখি দিয়ে ফাঁকি
সোনার শিকল ছিঁড়ে।
সুখ পাখিটা যায় যে উড়ে
কোন সুদূরে অচিনপুরে
সপ্তসাগর পাতাল পুরে
কোন মেরুর ঐ অন্ধকারে।
পাইনা চাওয়া উল্টা হাওয়া
পল্টি দিয়ে ধায় ,
ধরতে নারি বুঝতে পারি
কোন ঠিকানায় !
দেয় না ধরা দিশে হারা
খুঁজে খুঁজে পাগলপারা
মূল ঠিকানা জানলে পরে
নিতাম তারে ঝাপটে ধরে।
ধরতে পারি মনোবেড়ী
দিতাম তারি পায়,
রাখতাম তারে বন্দী করে
হৃদপিঞ্জিরায়।।।